সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো।

রেলপথ স্থাপনের উদ্দেশ্য ও প্রভাব:


সূচনা: ভারতের বড়োলাট লর্ড ডালহৌসির আমলে 'গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানি' (GIPR) ভারতে সর্বপ্রথম রেলপথের প্রতিষ্ঠা করে। ডালহৌসিকে ভারতীয় রেলপথের জনক বলা হয়। তাঁর আমলে ১৮৫৩ খ্রিস্টাব্দে (১৬ এপ্রিল) বোম্বাই থেকে থানে পর্যন্ত ২১ মাইল রেলপথ স্থাপিত হয়। ১৮৫৫ খ্রিস্টাব্দে পূর্বভারতের হাওড়া থেকে হুগলি পর্যন্ত ভারতের দ্বিতীয় রেলপথ চালু হয়। ডালহৌসির আমলে ভারতের প্রায় ২০০ মাইল রেলপথ নির্মিত হয়। ১৯৫১ খ্রিস্টাব্দে ভারতীয় রেলপথের জাতীয়করণ করা হয় ও এটি বিশ্বের বৃহত্তম নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। নিজেদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও অন্যান্য প্রয়োজনে বড়োলাট লর্ড ডালহৌসি ১৮৫৩ খ্রিস্টাব্দে সর্বপ্রথম রেলপথ স্থাপন করেন।

রেলপথ স্থাপনের উদ্দেশ্য: 

[1] ডালহৌসির উদ্দেশ্য: লর্ড ডালহৌসি বিশেষ কয়েকটি উদ্দেশ্য নিয়ে ভারতে রেলপথ স্থাপনের উদ্যোগ নেন। এই উদ্দেশ্যগুলি হল— [i] ভারতের দূরবর্তী অঞ্চলগুলিতে দ্রুত সেনাবাহিনী পাঠানো। [ii] রেলপথ স্থাপনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটিয়ে বাণিজ্যের প্রসার ঘটানো। [iii] দেশে শিল্প পরিকাঠামো গড়ে তুলে ব্রিটিশ পুঁজিপতিদের উদ্যোগকে স্বাগত জানানো। [iv] দেশের কাঁচামাল বন্দরগুলিতে পৌঁছোনো। [v] উৎপাদিত শিল্পসামগ্রী সহজে দেশের ব্রিভিন্ন অঞ্চলে পৌঁছে দেওয়া প্রভৃতি।

[2] পুঁজি বিনিয়োগ : শিল্পবিপ্লবের ফলে ব্রিটিশ শিল্পপতিরা বিপুল পরিমাণ পুঁজির মালিক হয়ে ওঠে। তারা এই বিপুল পরিমাণ পুঁজি ভারতের নিরাপদ, লাভজনক ও সুবিধাজনক ক্ষেত্রে বিনিয়োগ করে আরও পুঁজি উপার্জন করতে তৎপর হয়ে ওঠে। ভারতে রেলপথ নির্মাণে মূলধন বিনিয়োগ করা তাদের কাছে যথেষ্ট নিরাপদ ও লাভজনক বলে মনে হয় ।

[3] কাঁচামাল রপ্তানি : ইংল্যান্ডে শিল্পবিপ্লব ঘটলে সেখানকার কলকারখানাগুলিতে কাঁচামালের চাহিদা যথেষ্ট বৃদ্ধি পায়। ভারত হয়ে ওঠে ইংল্যান্ডের কারখানাগুলিতে কাঁচামালের অন্যতম সরবরাহকারী দেশ। ভারতের প্রত্যন্ত অঞ্চলগুলি থেকে কাঁচামাল বন্দরে পৌঁছোনে জন্য রেলযোগাযোগের প্রয়োজন দেখা দেয়।

[4] বিলাতি পণ্যের সরবরাহ: ইংল্যান্ডে শিল্পবিপ্লবের ফলে সেখানকার কলকারখানাগুলিতে নিয়মিত বিপুল পরিমাণ পণ্যসামগ্রী উৎপাদিত হতে থাকে। ব্রিটিশ পুঁজিপতিরা এই পণ্য বিক্রির বাজার হিসেবে ভারতকে গুরুত্বপূর্ণ বলে মনে করে। ভারতের অভ্যন্তর দূরদূরান্তের বাজারগুলিতে এই পণ্য পৌঁছে দেওয়ার জন্য তারা এদেশে উন্নত রেলযোগাযোগের প্রয়োজন উপলব্ধি করে।

[5] রাজনৈতিক প্রয়োজন: ডালহৌসির আমলে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য সর্বোচ্চ সীমায় উপনীত হয়। এই সুবিশাল সাম্রাজ্যে রাজনৈতিক ও প্রশাসনিক কাজে দ্রুত যোগাযোগ রক্ষা ও সংবাদ আদানপ্রদানের প্রয়োজন ছিল। এ ছাড়াও বহিঃশত্রুর আক্রমণ প্রতিরোধ, দেশের অভ্যন্তরে বিভিন্ন বিদ্রোহ দমনের উদ্দেশ্যে সেনাবাহিনী প্রেরণ, সেনাবাহিনীর কাছে দ্রুত খাদ্য ও রসদ পৌঁছে দেওয়া প্রভৃতি গুরুত্বপূর্ণ প্রয়োজনের তাগিদে সেই সময় ভারতে রেলপথ স্থাপন অপরিহার্য বলে ব্রিটিশ সরকার মনে করে।

[6] সামরিক প্রয়োজন : বাণিজ্যিক গুরুত্ব ছিল না, এমন বহু স্থানেও শুধু সামরিক প্রয়োজনে রেলপথ স্থাপিত হয়।

[7] দুর্ভিক্ষের মোকাবিলা: ব্রিটিশ শাসনকালে ভারতের বিভিন্ন প্রান্তে দুর্ভিক্ষ ছিল নিয়মিত ঘটনা। দুর্ভিক্ষপীড়িত অঞ্চলের মানুষের কাছে দ্রুত খাদ্য ও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার এদেশে রেলপথ স্থাপন অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করে।

[8] কর্মসংস্থান: সরকার আশা করে যে, ভারতে রেলপথ স্থাপিত হলে এখানে বহু ইংরেজের কর্মসংস্থানের সুযোগ হবে ও ব্রিটিশ পুঁজিপতিদের অর্থ লগ্নির যথেষ্ট সুযোগ হবে।

ভারতে রেলপথ প্রবর্তনের প্রভাব:

ঔপনিবেশিক শাসনকালে ভারতে রেলপথের প্রতিষ্ঠা এদেশের অর্থনীতিকে সর্বাধিক প্রভাবিত করেছিল।
ব্রিটিশ শাসনকালে ১৮৫৩ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দের মধ্যে ভারতের সুবিস্তৃত অঞ্চলে রেলপথের প্রসার ঘটে। ভারতের‌ ঔপনিবেশিক অর্থনীতিতে রেলপথ স্থাপনের কিছু সুফলও লক্ষ করা যায়। ড. বিপান চন্দ্র বলেছেন যে, “ভারতে রেলপথের প্রবর্তন ভারতীয় জনজীবন, সংস্কৃতি ও অর্থনৈতিক ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করে।” দাদাভাই নওরোজি, জি. ভি. যোশি, ডি. ই. ওয়াচা, জি. এস. আয়ার, রমেশচন্দ্র দত্ত, বালগঙ্গাধর তিলক প্রমুখ জাতীয়তাবাদী নেতা এদেশে রেলপথ নির্মাণের বহু কুফল লক্ষ করেছেন।

সদর্থক প্রভাব:

[1] যোগাযোগের প্রসার: ভারতে রেলপথের প্রতিষ্ঠা ও প্রসারের ফলে দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক অগ্রগতি ঘটে। ফলে দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে প্রশাসনিক ঐক্য গড়ে। ওঠে এবং সরকারি কাজে গতি বৃদ্ধি পায়।

[2] পরিবহণের উন্নতি : রেলপথ স্থাপনের আগে ভারতের পরিবহণ ব্যবস্থা খুবই অনুন্নত ছিল। রেলপথ স্থাপনের পর এর মাধ্যমে ভারতের মানুষ ও পণ্য পরিবহণে ব্যাপক অগ্রগতি ঘটে। অতি দ্রুত মানুষ ও পণ্য চলাচল সম্ভব হওয়ায় দুর্ভিক্ষ ও খরার সময় দূরদূরান্তে খাদ্য পাঠানো সহজ হয়।

[3] আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি: রেলপথের মাধ্যমে অভ্যন্তরীণ বাজারগুলির মধ্যে যোগাযোগ স্থাপিত হলে তাদের মধ্যে পণ্য চলাচল সম্ভব হয়। ফলে পণ্যমূল্যের আঞ্চলিক বৈষম্য হ্রাস পায় এবং আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি পায়।

[4] রপ্তানি বৃদ্ধি : রেলের মাধ্যমে পণ্য পরিবহণের ব্যয় খুব কম হত। ফলে ভারতের বিভিন্ন কৃষিপণ্য রেলের মাধ্যমে সহজে বন্দরে নিয়ে যাওয়া যেত। বন্দরগুলি থেকে ভারতের পণ্যসামগ্রী সহজে আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারে পৌঁছে দেওয়া সম্ভব হয়। ১৮৬২ থেকে ১৯২৮ খ্রিস্টাব্দের মধ্যে ভারত থেকে রপ্তানি বাণিজ্য প্রায় ২১/২ গুণ বৃদ্ধি পায়।।

[5] আমদানি বৃদ্ধি: রেলের মাধ্যমে ভারতে বিদেশি পণ্যের আমদানি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। বিলাতের বিভিন্ন শিল্পপণ্য ও বিলাস-সামগ্রী ভারতের বন্দরে এসে তা রেলের মাধ্যমে দেশের অভ্যন্তরে পৌঁছে যায়। ১৮৬২ খ্রিস্টাব্দ থেকে ১৯২৮ খ্রিস্টাব্দের মধ্যে ভারতে আমদানির পরিমাণ ৩ গুণ বৃদ্ধি পায়।

[6] আন্তর্জাতিক বাজার: আগে আঞ্চলিক প্রয়োজনের ভিত্তিতে ভারতে কৃষি-উৎপাদন চলত। রেলপথের প্রসারের ফলে ভারতের কৃষিপণ্য রেলের মাধ্যমে বন্দরে পৌঁছে সহজেই আন্তর্জাতিক বাজারে যাওয়ার সুযোগ পায়। আন্তর্জাতিক বাজারে বেশি মূল্য পাওয়া যায় এমন কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি পায়।

[7] শিল্পায়ন: কার্ল মার্কস বলেছেন যে, রেল ব্যবস্থা ভারতে আধুনিক শিল্পায়নের প্রকৃত অগ্রদূত হবে। বাস্তবক্ষেত্রেও রেলপথের প্রসারের ফলে ভারতে শিল্পের বিকাশের পটভূমি তৈরি হয়। রেল ব্যবস্থা স্বল্পব্যয়ে কাঁচামালের জোগান দিয়ে এবং উৎপাদিত পণ্য বাজারে পৌঁছে দিয়ে লোহা, ইস্পাত, কয়লা প্রভৃতি আধুনিক শিল্পের বিকাশে সাহায্য করে।

[৪] কর্মসংস্থান: ভারতে রেলপথ স্থাপনের ফলে রেলপথ নির্মাণ, রেল কারখানা প্রভৃতি ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের সুযোগ হয়। দেশের ভূমিহীন কৃষকরা অদক্ষ শ্রমিক হিসেবে রেলের কাজে নিযুক্ত হয়। ১৮৯৫ খ্রিস্টাব্দে ভারতীয় রেলে নিযুক্ত মোট কর্মীর সংখ্যা ছিল প্রায় ২ লক্ষ ৭৩ হাজার।

[9] জাতীয় ঐক্য : রেলপথের মাধ্যমে ভারতের বিভিন্ন প্রান্তে যোগাযোগ বৃদ্ধি পায় এবং ভারতীয়দের মধ্যে জাতীয় ঐক্য ও জাতীয়তাবোধ বৃদ্ধি পায়।

নঞর্থক প্রভাব:

[1] বৈষম্যমূলক আচরণ: ভারতীয় যাত্রী ও ব্যবসায়ীদের সঙ্গে বিভিন্ন বৈষম্যমূলক আচরণ করা হত। শ্বেতাঙ্গ যাত্রীরা ভারতীয় যাত্রীদের লাঞ্ছনা করত। মালপত্র পরিবহণে শ্বেতাঙ্গদের চেয়ে ভারতীয়দের বেশি ভাড়া দিতে হত।

[2] সম্পদের বহির্গমন: প্রথম পর্বে রেলপথ নির্মাণে যে বিপুল পরিমাণ মূলধন বিনিযোগ করা হয়, গ্যারান্টিপ্রথার মাধ্যমে সরকার তাতে বার্ষিক ৫ শতাংশ সুদ দেওয়ার গ্যারান্টি দেয়। এর ফলে প্রতি বছর সুদের বিপুল পরিমাণ অর্থ ও লাভের মুনাফা বিদেশে চলে যেতে থাকে।

[3] দেশীয় শিল্পের অবক্ষয়: বিলাতের কারখানায় উৎপাদিত বিভিন্ন পণ্যসামগ্রী রেলের মাধ্যমে ভারতের বাজারগুলিতে ছড়িয়ে পড়ে। দেশীয় পণ্যগুলি সস্তা ও সুদৃশ্য বিলাতি পণ্যের সঙ্গে অসম প্রতিযোগিতার সম্মুখীন হয়। ফলে দেশীয় কুটিরশিল্প ও বাণিজ্য চরম ক্ষতিগ্রস্ত হয়।

[4] যন্ত্রপাতি আমদানি: ভারতে রেলপথ স্থাপনের জন্য রেলের ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রপাতিগুলি ইংল্যান্ড থেকে ভারতে আনা হত। ফলে ভারতে রেলপথ নির্মিত হলেও এদেশে ভারী শিল্পের বিশেষ প্রসার ঘটেনি।

[5] কর্মসংস্থানে বর্ণনা: ভারতে রেলপথের সম্প্রসারণের ফলে রেলের কাজে প্রচুর কর্মসংস্থানের সুযোগ হয়। কিন্তু এর উচ্চপদগুলিতে সাধারণত শ্বেতাঙ্গদের নিযুক্ত করা হত। নিম্ন বেতনের শ্রমসাধ্য কাজগুলিতে ভারতীয় অদক্ষ শ্রমিকরা নিযুক্ত হত।

[6] দুর্ভিক্ষের প্রকোপ: দুর্ভিক্ষপীড়িত অঞ্চলে রেলের মাধ্যমে খাদ্য পাঠানো সহজতর হলেও পরোক্ষে এই রেল ব্যবস্থাই আবার দুর্ভিক্ষ সৃষ্টি করে।

[7] জলপথ ও সেচের ক্ষতি: দেশের সুবিস্তৃত অঞ্চলে রেলপথ নির্মাণের জন্য বিভিন্ন নিম্নভূমিতে মাটির বাঁধ দিয়ে রেলপথ এবং নদীনালার ওপর রেলের সেতু তৈরি করতে হয়। ফলে জলস্রোত বন্ধ হত। এসব কারণে কৃষিজমিতে সেচের কাজ ক্ষতিগ্রস্ত হয়।

[৪] শাসনের আধিপত্য বৃদ্ধি : রেলপথের শিকড় ভারতের সর্বত্র ছড়িয়ে পড়লে ভারতীয়দের ওপর ব্রিটিশ শাসনের আধিপত্য আরও বৃদ্ধি পায়। দেশের যে-কোনো প্রান্তে ব্রিটিশবিরোধী অসন্তোষ বা বিদ্রোহের সম্ভাবনা দেখা দিলে সরকারের পুলিশ ও সেনা অতি দ্রুত সেই উপদ্রুত অঞ্চলে পৌঁছে দিয়ে বিদ্রোহীদের দমন করতে সক্ষম হয়।

উপসংহার: রেলপথের প্রসারের ফলে ঔপনিবেশিক ভারতের কৃষিভিত্তিক অর্থনীতিতে শিল্পভিত্তিক অর্থনৈতিক উপাদান যুক্ত হয়। এর দ্বারা দরিদ্র ভারতীয়রা সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে রেলপথ স্থাপনের কিছু সুফল অবশ্যই ছিল। রেলের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় যে বৈপ্লবিক অগ্রগতি ঘটেছিল তার সুফল থেকে ভারতীয়রা বঞ্চিত হয়নি।





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অবশিল্পায়ন কি ? ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল লেখো ।

অবশিল্পায়নঃ        অবশিল্পায়ন বলতে বোঝায় শিল্পায়নের বিপরীত বা শিল্পের অধোগতি। অর্থাৎ ব্রিটিশ শাসনধীন ভারতের চিরাচরিত ও ঐতিহ্যশালী হস্তশিল্প-কুটিরশিল্পের ধ্বংস সাধনই মূলত অবশিল্পায়ন। সব্যসাচী ভট্টাচার্যের মতে যদি দেশের মানুষ শিল্প-কর্ম ছেড়ে চাষ-আবাদে জীবিকা অর্জন শুরু করে অথবা জাতীয় কৃষিজ ও অংশ বাড়তে থাকে এবং শিল্পজ অংশ কমতে থাকে তাকে অব-অবশিল্পায় বলে। অবশিল্পায়নের ফলে ভারতের অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হয়। ব্রিটিশ শাসনকালে ভারতের অবশিল্পায়ন সম্পর্কে প্রথম পর্বে দাদাভাই নাও রোজি, রমেশ চন্দ্র দত্ত, মহাদেব গোবিন্দ রানাডে প্রমুখ জাতীয়তাবাদী নেতা এবং পরবর্তীকালে রজনীপাম দত্ত জাতীয়তাবাদী নেতা এবং পরবর্তীকালে রজনী পামদত্ত, গ্যাডগিল, বি.ডি. বসু, নরেন্দ্রকৃয় সিংহ, বিপান চন্দ্র, অমিয় বাগচি প্রমুখ ঐতিহাসিক আলোচনা করেছেন। অব-শিল্পায়নের কারণঃ (১) কাঁচামালের রপ্তানি: ভারতীয় শিল্পের ধ্বংসের সঙ্গে সঙ্গে ভারত থেকে ইংল্যান্ডে কাঁচামাল রপ্তানি শুরু হয়। ভারত ইংল্যান্ডের কলকারখানার খোলা বাজার ও কাঁচামাল সরবরাহের উৎসে পরিণত হয়। ভারত থেকে তুলো, নীল, কফি, চা, রেশম প্রভৃতি ইং...

জোটনিরপেক্ষ নীতি কী ? জোটনিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য ও গুরুত্ব লেখো।

জোটনিরপেক্ষ নীতিঃ     দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী বা সমাজতান্ত্রিক জোট, অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক রাষ্ট্রজোট গঠিত হয়। এই দুই জোটের কোনোটিতেই যোগ না দিয়ে, স্বাধীনভাবে উভয় জোটের সঙ্গেই বন্ধুত্ব বা সমদূরত্ব বজায় রেখে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে বৈদেশিক সম্পর্ক পরিচালনার নীতি জোটনিরপেক্ষ নীতি নামে পরিচিত। জোটনিরপেক্ষ আন্দোলনের কারণ বা উদ্দেশ্য ঃ    মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট ও সোভিয়েত নেতৃত্বাধীন সাম্যবাদী জোটের পারস্পরিক দ্বন্দ্ব থেকে উদ্ভূত ‘ঠান্ডা লড়াই'-এর আর্বত থেকে নিজেকে দূরে রেখে, জাতীয় স্বার্থ ও নবলব্ধ স্বাধীনতাকে রক্ষার জন্য ভারত জোটনিরপেক্ষ বিদেশনীতি গ্রহণ করে। ভারতে জোটনিরপেক্ষ নীতি গ্রহণের কারণগুলি হল— [1] ভৌগোলিক সুরক্ষা : এশিয়া মহাদেশের দক্ষিণে এমন একটা জায়গায় ভারতের অবস্থান যা তাকে মধ্যপ্রাচ্য। ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সংযোগ স্থাপনকারী দেশে পরিণত করেছে। আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, চিন, ব্রহ্মদেশ, শ্রীলঙ্কা এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশি...

চোল রাজাদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো।

অথবা, রাজরাজ ও প্রথম রাজেন্দ্র চোলের নেতৃত্বে নৌ সাম্রাজ্যের বিস্তারের ইতিহাস লেখো। চোল রাজাদের সামুদ্রিক কার্যকলাপঃ       প্রাচীন ভারতের ইতিহাসে চোল যুগ সামুদ্রিক কার্যকলাপের জন্য বিশেষভাবে প্রসিদ্ধ। রাজরাজের শাসনকাল থেকে প্রথম কুলোতুঙ্গের শাসনকাল পর্যন্ত প্রায় ১৩৫ বছর চোল রাজারা সামুদ্রিক সাম্রাজ্যের বিস্তার ঘটান। ঐতিহাসিক পানিক্করের মতে, প্রাচীন ভারতের শুধু চোল রাজারাই সামুদ্রিক শক্তির বিস্তারে উৎকর্ষ দেখিয়েছিলেন। চোল রাজাদের নৌ সাম্রাজ্য বিস্তারের পিছনে বাণিজ্যের বিস্তার, উপনিবেশ স্থাপন, আরব আক্রমণ প্রতিহত করা প্রভৃতি বিষয়গুলি মূল কারণ হিসেবে কাজ করেছিল।        রাজরাজ ও রাজেন্দ্র চোল পিতা-পুত্র চোলদের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। তাদের অক্লান্ত প্রচেষ্টায় চোল ইতিহাস শতাব্দীকাল ব্যাপী ভারতের ইতিহাসে এক গৌরবজনক অধ্যায়ের সূচনা করেছিল। চোল রাজ্য ছিল একটি ক্ষুদ্র আঞ্চলিক রাজ্য, যাকে রাজরাজ ও রাজেন্দ্র চোল ভারতের মূল ভূখন্ড ছাড়িয়ে তাদের নৌবহরের দাপটে বঙ্গোপসাগরকে এক বিরাট সামুদ্রিক সাম্রাজ্যে পরিণত করে। তাই বলা যায় তার...

১৫২৫ খ্রিস্টাব্দ থেকে ১৫৫৬ খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল-আফগান দ্বন্দ্বের বিবরণ দাও।

মুঘল-আফগান দ্বন্দ্ব:      ভারতে মুঘল শক্তির উত্থান ও বিকাশের সঙ্গে মুঘল আফগানি দ্বন্দ্বের সমান্তরাল অবস্থান দেখা যায়। ১৫২৬ খ্রিস্টাব্দ থেকে ১৫৫৬ খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্ব চলতে থাকে।      খানুয়ার যুদ্ধ: ১৫২৭ খ্রিস্টাব্দে মেবারের রানা সংগ্রাম সিংহের সঙ্গে বাবরের যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধে রানা সংগ্রাম সিংহ পরাজিত হন। এই যুদ্ধে রাজপুতদের সঙ্গে আফগানরা সহযোগিতা করেনি। রাজপুতদের সঙ্গে সঙ্গে আফগানরাও যদি মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত তাহলে হয়ত ভারতের ইতিহাসের গতি অন্য পথে প্রবাহিত হতে পারত।     ঘর্ঘরার যুদ্ধ (১৫২৯ খ্রিস্টাব্দ): বাবর আফগানদের বিরুদ্ধে অগ্রসর হয়ে বিহারের সীমান্তে পৌঁছান। পূর্ব ভারতে মুঘল আক্রমণ প্রতিরোধ করার জন্য জৌনপুরের শাসনকর্তা মামুদ লোদি বিহারের আফগান নেতা শেরশাহ, এবং বাংলার সুলতান মুঘল শক্তির বিরুদ্ধে সম্মিলিত ঐক্যশক্তি জোট গঠন করেন। বাবর নুসরৎশাহের কাছে দূত পাঠিয়ে তাঁর বশ্যতা স্বীকার করতে বলেন। এর পর মামুদ লোদি, ও শেরশাহ মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। বাবর এলাহাবাদ, বারাণসী দখল করে বিহারের আরো জেলা অধিকার করার জন্...

একজন ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের মূল্যায়ন করো ।

আবুল ফজল:       ভারতবর্ষে মুসলমান শক্তির উদ্ভব ও প্রতিষ্ঠা যেমন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নতুন প্রবণতার সৃষ্টি করেছিল, তেমনি জ্ঞানচর্চার ক্ষেত্রেও নতুন এক যুগ বহন করে এনেছিল। মোগল যুগের ইতিহাসচর্চা বিশেষ করে দরবারী ইতিহাসের শ্রেষ্ট প্রতিনিধি ছিলেন আবুল ফজল। আকবরের মন্ত্রী, বন্ধু, রাষ্ট্রনেতা, কূটনীতিবিদ ও সামরিক অফিসার আবুল ফজল ইতিহাস রচনায় সিদ্ধহস্ত ছিলেন। শৈশবেই তিনি প্রতিভার স্বাক্ষর রেখে ছিলেন। ১৫ বছর বয়সে তিনি জ্ঞানার্জনের সমস্ত শাখায় দক্ষতা লাভ করেন। নির্যাতিত ও অত্যাচারিত পরিবারের দুর্ভাগ্য আবুল ফজলের চিন্তার উপর গভীর ছাপ ফেলেছিল। মোগল সম্রাট আকবরের আশ্রয় ও পৃষ্টপোষকতা লাভ করার পর তিনি রচনা করেন দুটি বিখ্যাত গ্রন্থ-‘আকবরনামা’ ও ‘আইন-ই-আকবরী’।         মধ্যযুগের ভারতের ঐতিহাসিকদের মধ্যে আবুল ফজল ছিলেন সবচেয়ে প্রতিভাবান। ‘আকবরনামা’-র দ্বিতীয় খন্ডে তিনি ইতিহাস ও ইতিহাস তত্ত্ব সম্পর্কে তাঁর মতামত রেখেছেন। পূর্বসূরীদের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গীর সমালোচনা করতেও দ্বিধাবোধ করেননি। তিনি বলেছেন, ‘এদের কাছে ইতিহাস হল মুসলমানদের ভারত জয়, শাসন এবং হিন...