সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো।

ভারত ছাড়ো আন্দোলনঃ


ভূমিকা : ভারতের স্বাধীনতা আন্দোলনের এক স্বর্ণোজ্জ্বল অধ্যায় হল ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলন। সিপাহি বিদ্রোহের পর এত বড়ো গণ আন্দোলন ভারতে আর ঘটেনি। গান্ধিজি 'হরিজন' পত্রিকাতে লিখলেন (১৯৪২ খ্রি, ২ এপ্রিল) ভারতে ব্রিটিশ শাসনের অবসান চাই। ভারতের স্বাধীনতা চাই কেবল ভারতের স্বার্থে নয়—বিশ্বের নিরাপত্তার জন্য, নাৎসিবাদ, ফ্যাসিবাদ, সমরবাদ, সাম্রাজ্যবাদ এবং এক জাতির ওপর অন্য জাতির আক্রমণের অবসানের জন্য।

পটভূমি: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায় ক্রিপস প্রস্তাবের আগমন ও প্রস্থান, ভারতবাসীর তীব্র স্বাধীনতা- আকাঙ্ক্ষা, মূল্যবৃদ্ধি, জাপানি আক্রমণের ভয়, ব্রিটিশ সেনাদের অত্যাচার সবকিছু মিলেমিশে এক ভবিষ্যৎ গণ আন্দোলনের পটভূমি রচনা করে। গান্ধিজি নিজে এই আন্দোলন গড়ে তোলার জন্য মরিয়া ছিলেন। তিনি বলেন ভারতকে ঈশ্বরের হাতে সমর্পণ করে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাক। যদি তা না হয় তবে অরাজকতাও শ্রেয়, আপনারা ভারত ছাড়ুন। 

আন্দোলনের সূচনা : বোম্বাইয়ে অনুষ্ঠিত (১৯৪২ খ্রি., ৮ আগস্ট) নিখিল ভারত কংগ্রেস সমিতির বিপুল ভোটে গান্ধিজির ভারত ছাড়ো প্রস্তাব পাস হয়। ঘোষণা করা হয় ৯ আগস্ট থেকে ভারত ছাড়ো আন্দোলন শুরু হবে এবং ইংরেজ ভারত না ছাড়া পর্যন্ত এই আন্দোলন চলবে। গান্ধিজি ঘোষণা করেন—পূর্ণ স্বাধীনতা ছাড়া আর কিছুতেই আমি সন্তুষ্ট নই। হয় সিদ্ধিলাভ, নয় মৃত্যু। ভারত স্বাধীন করব, অথবা মৃত্যুবরণ করব— 'Do or Die' (করেঙ্গে ইয়ে মরেঙ্গে)। নিখিল ভারত কংগ্রেস সমিতির অধিবেশন শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গভীর রাতে গান্ধিজি, জওহরলাল, প্যাটেল, আজাদ ও জে. বি. কৃপালনিসহ শীর্ষনেতাদের ব্রিটিশ গ্রেফতার করে। পরের দিন সকালে এই খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে হরতাল, বিক্ষোভ, মিছিল ইত্যাদির মাধ্যমে ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলনের সূচনা ঘটে। 

আন্দোলনের বিস্তার:

i.বাংলায় : বাংলায় আগস্ট আন্দোলনের মূলকেন্দ্র ছিল কলকাতা, ঢাকা, মেদিনীপুর, হুগলিসহ বিভিন্ন জায়গায়। মেদিনীপুর জেলার তমলুক ও কাঁথি মহকুমায় এই আন্দোলন সবথেকে তীব্র আকার ধারণ করে। 

ii.বিহার ও যুক্তপ্রদেশে: বিহারের মুঙ্গের, ভাগলপুর, মুজাফ্ফরপুর, পূর্ণিয়ার বিভিন্ন অঞ্চলে, যুক্তপ্রদেশের বালিয়া, আজমগড়, সুলতানপুর, জৌনপুর, গোরক্ষপুর প্রভৃতি জেলায় গান্ধিজির 'করেঙ্গে ইয়ে মরেঙ্গে' ধ্বনি জনগণকে স্বাধীনতালাভে ব্যাকুল করে। 

iii.অন্যান্য অঞ্চলে: বোম্বাই, আমেদাবাদ, পুনা, নাগপুর, কানপুরসহ বিভিন্ন অঞ্চলে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। বেনারস, পাটনা, কটক প্রভৃতি স্থানে আন্দোলনকারীরা যোগাযোগ ব্যবস্থাকে বিচ্ছিন্ন করে দেয়। রাজস্থানের যোধপুর, উদয়পুর, জয়পুরে সাধারণ ধর্মঘট পালিত হয়। পাঞ্জাব, সিন্ধু ও সীমান্ত প্রদেশে আন্দোলনকারীরা জাতীয় পতাকা উত্তোলন করে।

জাতীয় সরকার গঠন : ভারত ছাড়ো আন্দোলনকালে ভারতের বিভিন্ন স্থানে বেশ কিছু জাতীয় সরকার গড়ে ওঠে। মেদিনীপুরের তমলুক, দিনাজপুরের বালুরঘাট, ওড়িশার তালচের, মধ্যপ্রদেশের ভাগলপুর, মহারাষ্ট্রের সাতার, আসামের নওগাঁও, উত্তর প্রদেশের বালিয়া প্রভৃতি স্থানে জাতীয় সরকার গড়ে ওঠে। তাম্রলিপ্ত জাতীয় সরকার' কার্যকর ছিল ১৯৪২ খ্রি. ১৭ ডিসেম্বর থেকে ১৯৪৪ খ্রিস্টাব্দের ৮ আগস্ট পর্যন্ত।

নেতৃবৃন্দ : ভারত ছাড়ো আন্দোলনে যাঁরা দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন তাঁদের মধ্যে জয়প্রকাশ নারায়ণ, অরুণা আসফ আলি, সুচেতা কৃপালনি, রামমনোহর লোহিয়া, অচ্যুৎ পট্টবর্ধন, অজয় মুখার্জি, যোগেশ চ্যাটার্জি, সুশীল ধাড়া, সরষু পাণ্ডে, নানা পাতিল এবং আসামের ১৩ বছরে স্কুলছাত্রী কনকলতা বড়ুয়া ও মেদিনীপুরের তমলুকের ৭০ বছরের বৃদ্ধা মাতঙ্গিনি হাজরা ছিলেন উল্লেখযোগ্য।

ব্রিটিশের দমননীতি: ব্রিটিশ সরকার তীব্র দমননীতির সাহায্যে আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা শুরু করে। নিরস্ত্র অসহায় জনতার ওপর মাত্র দুদিনে পুলিশ ৪৭ বার গুলি চালায়। সরকারি মতে, ভারত ছাড়ো আন্দোলনে পুলিশ ৬০১ বার গুলি চালিয়ে ৭৬৩ জনকে হত্যা করে ও ১৯১১ জনকে আহত করে। এমনকি বহু জায়গায় বিমান থেকে মেশিনগানের সাহায্যেও গুলি চালানো হয়। ড. বিপান চন্দ্ৰ 'মডার্ন ইন্ডিয়া' গ্রন্থে বলেছেন— ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের পর সরকারি দমননীতির এমন নিষ্ঠুর ও ব্যাপক প্রকাশ আর কখনও দেখা যায়নি ("India had not witnessed such intense repression since the revolt of 1857)।


ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতিঃ

আন্দোলন অহিংস পথে শুরু হলেও শেষ পর্যন্ত তা হিংসাত্মক হয়ে ওঠে। 

i. পুনায় অনুষ্ঠিত কংগ্রেস কার্যকরী সমিতির অধিবেশনে স্বীকার করা হয় যে বহু স্থানেই জনতা কংগ্রেসের অহিংস নীতি থেকে সরে গিয়েছিল। 

ii. ম্যাক্স হার্কোটের মতে, ভারত ছাড়ো আন্দোলন ছিল মূলত কৃষক বিদ্রোহ, জাতীয় বিদ্রোহ নয়। স্টিফেন হেনিংহ্যাম বলেছেন, কৃষকরা এই বিদ্রোহে যোগ দিয়েছিল পুলিশি অত্যাচার এবং উচ্চবর্ণের লোকদের প্ররোচনায়। 

iii. আবার জওহরলাল নেহরু বলেছেন শ্রমিকসহ সমাজের সব অংশই এই আন্দোলনে সক্রিয় ও স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছিল, তাই এটি ছিল গণ আন্দোলন (It was essentially spontaneous mass upheaval....) ।


ভারত ছাড়ো আন্দোলন ব্যর্থতার কারণঃ 

ভারত ছাড়ো আন্দোলন ব্যর্থতার জন্য বিভিন্ন কারণ দায়ী ছিল। যেমন—

i. নেতৃত্বের অভাব : নেতৃত্বের অভাবে ভারত ছাড়ো আন্দোলন ব্যর্থ হয়েছিল বলে মনে করা হয়। গান্ধিজিসহ শীর্ষ নেতৃবৃন্দ কারারুদ্ধ থাকায় এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো উপযুক্ত নেতা ছিল না।
ঐক্যের অভাব: মুসলিম লিগ, কমিউনিস্ট পার্টি, হিন্দুমহাসভা, কেউই আন্দোলন সফল করার জন্য কংগ্রেসকে সমর্থন করেনি। এই দলগত ঐক্যের অভাব আন্দোলনকে ব্যর্থ করে।

ii. ব্রিটিশের পীড়ন নীতি : ব্রিটিশের তীব্র দমননীতি আন্দোলনকে সফল হতে দেয়নি। দৈহিক নির্যাতন, গ্রেফতার, ঘর পুড়িয়ে দেওয়া, ধর্ষণ, এমনকি গুলি চালিয়ে ব্রিটিশ সরকার এই আন্দোলনকে স্তব্ধ করে দেয়।

iii. অসময়ে সূচনা: ভুল সময়ে এই আন্দোলন শুরু হওয়ায় আন্দোলন সফল হয়নি বলে মনে করা হয়। কারণ যে সময় আন্দোলন শুরু করা হয় তখন বিশ্বযুদ্ধ পরিস্থিতি মিত্রপক্ষের অনুকূলে আসতে শুরু করে। সুভাষচন্দ্র বসু ১৯৩৯ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সভাপতি থাকাকালীন এই আন্দোলনের সূচনা করতে চেয়েছিলেন। কিন্তু গান্ধি অনুগামীরা তখন তা অনুমোদন করেননি।


ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্বঃ

ভারত ছাড়ো আন্দোলন সফল না হলেও এর গুরুত্ব অপরিসীম— 

i. ব্রিটিশের বোধোদয়: এই আন্দোলনের পরেই ব্রিটিশ স্পষ্টরূপে বুঝে নেয় যে, ভারতে তাদের দিন শেষ হয়ে এসেছে। 

ii. কংগ্রেসের মর্যাদা বৃদ্ধিতে: এই আন্দোলনের পর কংগ্রেসের মর্যাদা ও প্রভাব বহুগুণ বৃদ্ধি পায়। 

iii. জাতীয় জাগরণে: ১৯৪২-এর আন্দোলন যেভাবে জাতীয় জাগরণ ঘটিয়েছিল ইতিপূর্বে তা আর দেখা যায়নি।

iv. সাম্প্রদায়িক ঐক্য : এই আন্দোলন সাম্প্রদায়িক ঐক্যকে পুনরায় প্রতিষ্ঠিত করে।

উপসংহার : ভারত ছাড়ো আন্দোলন সত্যিই ভারতবাসীর স্বাধীনতার পথকে সুগম করেছিল। জওহরলাল নেহরু এই আন্দোলনের মূল্যায়ন প্রসঙ্গে বলেছেন— নেতা নেই, সংগঠন নেই, উদ্যোগ আয়োজন নেই, কোনো মন্ত্ৰবল নেই, অথচ একটা অসহায় জাতি স্বতঃস্ফূর্তভাবে কর্মপ্রচেষ্টার আর কোনো পন্থা না পেয়ে বিদ্রোহী হয়ে উঠল—এ দৃশ সত্যই বিস্ময়ের ব্যাপার। ভারতবাসী যে স্বাধীনতা পাচ্ছেই, তা বোঝা যায় ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলকে লেখা বড়োলটি ওয়াভেলের এক উক্তি থেকে — ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের দিন শেষ হয়েছে। ...আয়ার্ল্যান্ডে ও মিশরে যেভাবে ব্রিটিশ ক্ষমতা হস্তান্তর করেছে, ভারতে এখনই তা করা দরকার।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অবশিল্পায়ন কি ? ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল লেখো ।

অবশিল্পায়নঃ        অবশিল্পায়ন বলতে বোঝায় শিল্পায়নের বিপরীত বা শিল্পের অধোগতি। অর্থাৎ ব্রিটিশ শাসনধীন ভারতের চিরাচরিত ও ঐতিহ্যশালী হস্তশিল্প-কুটিরশিল্পের ধ্বংস সাধনই মূলত অবশিল্পায়ন। সব্যসাচী ভট্টাচার্যের মতে যদি দেশের মানুষ শিল্প-কর্ম ছেড়ে চাষ-আবাদে জীবিকা অর্জন শুরু করে অথবা জাতীয় কৃষিজ ও অংশ বাড়তে থাকে এবং শিল্পজ অংশ কমতে থাকে তাকে অব-অবশিল্পায় বলে। অবশিল্পায়নের ফলে ভারতের অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হয়। ব্রিটিশ শাসনকালে ভারতের অবশিল্পায়ন সম্পর্কে প্রথম পর্বে দাদাভাই নাও রোজি, রমেশ চন্দ্র দত্ত, মহাদেব গোবিন্দ রানাডে প্রমুখ জাতীয়তাবাদী নেতা এবং পরবর্তীকালে রজনীপাম দত্ত জাতীয়তাবাদী নেতা এবং পরবর্তীকালে রজনী পামদত্ত, গ্যাডগিল, বি.ডি. বসু, নরেন্দ্রকৃয় সিংহ, বিপান চন্দ্র, অমিয় বাগচি প্রমুখ ঐতিহাসিক আলোচনা করেছেন। অব-শিল্পায়নের কারণঃ (১) কাঁচামালের রপ্তানি: ভারতীয় শিল্পের ধ্বংসের সঙ্গে সঙ্গে ভারত থেকে ইংল্যান্ডে কাঁচামাল রপ্তানি শুরু হয়। ভারত ইংল্যান্ডের কলকারখানার খোলা বাজার ও কাঁচামাল সরবরাহের উৎসে পরিণত হয়। ভারত থেকে তুলো, নীল, কফি, চা, রেশম প্রভৃতি ইং...

জোটনিরপেক্ষ নীতি কী ? জোটনিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য ও গুরুত্ব লেখো।

জোটনিরপেক্ষ নীতিঃ     দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী বা সমাজতান্ত্রিক জোট, অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক রাষ্ট্রজোট গঠিত হয়। এই দুই জোটের কোনোটিতেই যোগ না দিয়ে, স্বাধীনভাবে উভয় জোটের সঙ্গেই বন্ধুত্ব বা সমদূরত্ব বজায় রেখে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে বৈদেশিক সম্পর্ক পরিচালনার নীতি জোটনিরপেক্ষ নীতি নামে পরিচিত। জোটনিরপেক্ষ আন্দোলনের কারণ বা উদ্দেশ্য ঃ    মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট ও সোভিয়েত নেতৃত্বাধীন সাম্যবাদী জোটের পারস্পরিক দ্বন্দ্ব থেকে উদ্ভূত ‘ঠান্ডা লড়াই'-এর আর্বত থেকে নিজেকে দূরে রেখে, জাতীয় স্বার্থ ও নবলব্ধ স্বাধীনতাকে রক্ষার জন্য ভারত জোটনিরপেক্ষ বিদেশনীতি গ্রহণ করে। ভারতে জোটনিরপেক্ষ নীতি গ্রহণের কারণগুলি হল— [1] ভৌগোলিক সুরক্ষা : এশিয়া মহাদেশের দক্ষিণে এমন একটা জায়গায় ভারতের অবস্থান যা তাকে মধ্যপ্রাচ্য। ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সংযোগ স্থাপনকারী দেশে পরিণত করেছে। আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, চিন, ব্রহ্মদেশ, শ্রীলঙ্কা এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশি...

চোল রাজাদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো।

অথবা, রাজরাজ ও প্রথম রাজেন্দ্র চোলের নেতৃত্বে নৌ সাম্রাজ্যের বিস্তারের ইতিহাস লেখো। চোল রাজাদের সামুদ্রিক কার্যকলাপঃ       প্রাচীন ভারতের ইতিহাসে চোল যুগ সামুদ্রিক কার্যকলাপের জন্য বিশেষভাবে প্রসিদ্ধ। রাজরাজের শাসনকাল থেকে প্রথম কুলোতুঙ্গের শাসনকাল পর্যন্ত প্রায় ১৩৫ বছর চোল রাজারা সামুদ্রিক সাম্রাজ্যের বিস্তার ঘটান। ঐতিহাসিক পানিক্করের মতে, প্রাচীন ভারতের শুধু চোল রাজারাই সামুদ্রিক শক্তির বিস্তারে উৎকর্ষ দেখিয়েছিলেন। চোল রাজাদের নৌ সাম্রাজ্য বিস্তারের পিছনে বাণিজ্যের বিস্তার, উপনিবেশ স্থাপন, আরব আক্রমণ প্রতিহত করা প্রভৃতি বিষয়গুলি মূল কারণ হিসেবে কাজ করেছিল।        রাজরাজ ও রাজেন্দ্র চোল পিতা-পুত্র চোলদের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। তাদের অক্লান্ত প্রচেষ্টায় চোল ইতিহাস শতাব্দীকাল ব্যাপী ভারতের ইতিহাসে এক গৌরবজনক অধ্যায়ের সূচনা করেছিল। চোল রাজ্য ছিল একটি ক্ষুদ্র আঞ্চলিক রাজ্য, যাকে রাজরাজ ও রাজেন্দ্র চোল ভারতের মূল ভূখন্ড ছাড়িয়ে তাদের নৌবহরের দাপটে বঙ্গোপসাগরকে এক বিরাট সামুদ্রিক সাম্রাজ্যে পরিণত করে। তাই বলা যায় তার...

১৫২৫ খ্রিস্টাব্দ থেকে ১৫৫৬ খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল-আফগান দ্বন্দ্বের বিবরণ দাও।

মুঘল-আফগান দ্বন্দ্ব:      ভারতে মুঘল শক্তির উত্থান ও বিকাশের সঙ্গে মুঘল আফগানি দ্বন্দ্বের সমান্তরাল অবস্থান দেখা যায়। ১৫২৬ খ্রিস্টাব্দ থেকে ১৫৫৬ খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্ব চলতে থাকে।      খানুয়ার যুদ্ধ: ১৫২৭ খ্রিস্টাব্দে মেবারের রানা সংগ্রাম সিংহের সঙ্গে বাবরের যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধে রানা সংগ্রাম সিংহ পরাজিত হন। এই যুদ্ধে রাজপুতদের সঙ্গে আফগানরা সহযোগিতা করেনি। রাজপুতদের সঙ্গে সঙ্গে আফগানরাও যদি মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত তাহলে হয়ত ভারতের ইতিহাসের গতি অন্য পথে প্রবাহিত হতে পারত।     ঘর্ঘরার যুদ্ধ (১৫২৯ খ্রিস্টাব্দ): বাবর আফগানদের বিরুদ্ধে অগ্রসর হয়ে বিহারের সীমান্তে পৌঁছান। পূর্ব ভারতে মুঘল আক্রমণ প্রতিরোধ করার জন্য জৌনপুরের শাসনকর্তা মামুদ লোদি বিহারের আফগান নেতা শেরশাহ, এবং বাংলার সুলতান মুঘল শক্তির বিরুদ্ধে সম্মিলিত ঐক্যশক্তি জোট গঠন করেন। বাবর নুসরৎশাহের কাছে দূত পাঠিয়ে তাঁর বশ্যতা স্বীকার করতে বলেন। এর পর মামুদ লোদি, ও শেরশাহ মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। বাবর এলাহাবাদ, বারাণসী দখল করে বিহারের আরো জেলা অধিকার করার জন্...

একজন ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের মূল্যায়ন করো ।

আবুল ফজল:       ভারতবর্ষে মুসলমান শক্তির উদ্ভব ও প্রতিষ্ঠা যেমন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নতুন প্রবণতার সৃষ্টি করেছিল, তেমনি জ্ঞানচর্চার ক্ষেত্রেও নতুন এক যুগ বহন করে এনেছিল। মোগল যুগের ইতিহাসচর্চা বিশেষ করে দরবারী ইতিহাসের শ্রেষ্ট প্রতিনিধি ছিলেন আবুল ফজল। আকবরের মন্ত্রী, বন্ধু, রাষ্ট্রনেতা, কূটনীতিবিদ ও সামরিক অফিসার আবুল ফজল ইতিহাস রচনায় সিদ্ধহস্ত ছিলেন। শৈশবেই তিনি প্রতিভার স্বাক্ষর রেখে ছিলেন। ১৫ বছর বয়সে তিনি জ্ঞানার্জনের সমস্ত শাখায় দক্ষতা লাভ করেন। নির্যাতিত ও অত্যাচারিত পরিবারের দুর্ভাগ্য আবুল ফজলের চিন্তার উপর গভীর ছাপ ফেলেছিল। মোগল সম্রাট আকবরের আশ্রয় ও পৃষ্টপোষকতা লাভ করার পর তিনি রচনা করেন দুটি বিখ্যাত গ্রন্থ-‘আকবরনামা’ ও ‘আইন-ই-আকবরী’।         মধ্যযুগের ভারতের ঐতিহাসিকদের মধ্যে আবুল ফজল ছিলেন সবচেয়ে প্রতিভাবান। ‘আকবরনামা’-র দ্বিতীয় খন্ডে তিনি ইতিহাস ও ইতিহাস তত্ত্ব সম্পর্কে তাঁর মতামত রেখেছেন। পূর্বসূরীদের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গীর সমালোচনা করতেও দ্বিধাবোধ করেননি। তিনি বলেছেন, ‘এদের কাছে ইতিহাস হল মুসলমানদের ভারত জয়, শাসন এবং হিন...